দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে উপজেলার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, সরকারি কার্যক্রমের সমন্বয়, উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপজেলার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও জনভোগান্তির বিষয়গুলো তুলে ধরেন এবং সেগুলোর কার্যকর সমাধানে নানা পরামর্শ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও বিধান কান্তি হালদার বলেন,"জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি আধুনিক, উন্নয়নমুখী ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে নবাবগঞ্জকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









