সুন্দরবনে প্রবেশের ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে হরিণ শিকার ও মৎস্য আহরণের প্রচেষ্টার সময় পৃথক দুটি অভিযানে বনরক্ষীরা ২টি ট্রলারসহ ৪ শিকারি ও ৩ জেলেকে আটক করেছে।
বুধবার (১০ জুন) সুন্দরবনের শেলার চরে হরিণ শিকারের ফাঁদসহ চার শিকারিকে আটক করা হয়। জব্দ করা হয় শিকারিদের একটি ট্রলার। আটক শিকারিদের বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট টহল টিমের বনরক্ষীরা সুন্দরবনে নিয়মিত টহলের সময় বুধবার সন্ধ্যায় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলার চর টহল ফাঁড়ির ছাপড়াখালীর বনে শিকারিদের পেতে রাখা ফাঁদ দেখতে পায়। এ সময় বনরক্ষীরা তল্লাশি করে বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার এবং চার শিকারিকে আটক করে। ঘটনাস্থলের নিকটবর্তী খাল থেকে শিকারিদের একটি ট্রলার জব্দ করেন বনরক্ষীরা।
আটক শিকারিরা হচ্ছে, সোলায়মান হাওলাদার (৪০), রাসেল (৩৮),নয়ন বিশ্বাস (১৭) ও নুর আলম (১৮)। এদের বাড়ি শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামে।
অপরদিকে, নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ ও সুপতি বনাঞ্চলের ডোরা এলাকার সাইড খালে অবৈধভাবে মাছ ধরার সময় বুধবার বিকালে ট্রলার ও জালসহ ৩ জেলেকে হাতেনাতে আটক করেন বনরক্ষীরা।
আটককৃত জেলেরা হলেন, হিরু (৪০), আলমগীর (৩৫) ও তামীম মৃধা (১৯)। এদের বাড়ি বরগুনা জেলার ছোট পাথরঘাটা গ্রামে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, ‘‘আটক হরিণ শিকারি ও জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









