কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)-এর নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক প্রশাসনিক ও জ্বালানি খাতের কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন।
বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬-এর ধারা ৫(২) অনুযায়ী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিনকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
দীর্ঘ কর্মজীবনে তিনি জ্বালানি খাতে দায়িত্বশীল ভূমিকা পালন করেন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে জেনারেল ম্যানেজার (অপারেশন) হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা ও সততার পরিচয় দেন।
তার এই নিয়োগে পেকুয়া ও কক্সবাজার অঞ্চলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আরও গতিশীল হবে এবং পর্যটননগরীর পরিকল্পিত ও টেকসই উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









