যশোরের চৌগাছায় তরুণ প্রজন্মের বিজ্ঞানমনস্কতা, গবেষণাধর্মী চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে দিনব্যাপী স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসন ১৪-এর সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা মুন্নী।
পরে দুপুর সাড়ে ১২টায় প্রদর্শনী পরিদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি. এম. এ. মুনিব, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ পিপিএম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. বজলুর রশিদ এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ।
এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়া, বিএনপি নেতা আপিল উদ্দিন দফাদার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর সমাধান এবং সৃজনশীল উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতায় মুগ্ধ হন অতিথিরা।
স্টল পরিদর্শনকালে সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা মুন্নী বলেন, “মেয়েদের কোনোভাবেই পিছিয়ে থাকলে চলবে না। সফলতার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। কেউ জায়গা করে দেবে না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হবে।”
তিনি আরও বলেন, ‘‘বর্তমান সরকার বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। নতুন প্রজন্মের খুদে বিজ্ঞানীদের গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ দিতে বিভিন্ন কর্মসূচি ও সহায়তা অব্যাহত রয়েছে।’’
দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণা মনষ্কতা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









