কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে গাছের চারা রোপণের মধ্য দিয়ে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) দুপুরে চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চল এলাকায় পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে প্রবেশ করেন। পরে তিনি পার্কটি পরিদর্শন করেন এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচির স্থলে যান। সেখানে তিনি প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
পরে তিনি পুনরায় নিজে গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছান। পুরো পথজুড়ে স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীরা তাকে ফুল ছিটিয়ে এবং হাত নেড়ে শুভেচ্ছা জানান।
একদিনের সফরে সকাল ৯টা ৫০ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান এবং সকাল ১০টার দিকে ভিআইপি গেট দিয়ে বের হন। এ সময় বৃষ্টির মধ্যেও বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৃষ্টি উপেক্ষা করে অনেকে অপেক্ষা করেন এবং স্বাগত জানান।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়। নিরাপত্তাজনিত কারণে নির্দিষ্ট যানবাহন ছাড়া সাধারণ যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









