চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ইকবাল হোসেন মালিতা (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার (১৩ জুন) বিকেলে মোমিনপুর রেলস্টেশন সংলগ্ন কবরস্থানের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইকবাল হোসেন মালিতা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের কান্তপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আলতাব হোসেন মালিতার ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে চিলাহাটি অভিমুখী রকেট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই হাসিবুল ইসলাম জানান, ইকবাল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং ভবঘুরের মতো ঘুরে বেড়াতেন। চার দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যদের কাছে তিনি আত্মহত্যার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। এছাড়া তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের দাবি। জীবিকার তাগিদে তিনি বিভিন্ন ট্রেনে ভিক্ষাবৃত্তি করতেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই জগদীশ জানান, শনিবার বিকালে রকেট মেইল ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন ছেড়ে যায়। মোমিনপুর কবরস্থানের কাছে পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।
তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









