রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জামায়াতে আমির

মানসম্মত স্বাস্থ্যনীতি ও তাঁতশিল্পকে জীবন্ত করবে জামায়াত

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম

আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম

মানসম্মত স্বাস্থ্যনীতি ও তাঁতশিল্পকে জীবন্ত করবে জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে মানসম্মত স্বাস্থ্যনীতি ও তাঁতশিল্পের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে ১০–দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমরা ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে সরকার গঠন করব। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশকে আমরা এগিয়ে নিতে চাই। জাতি–ধর্মনির্বিশেষে সবার প্রতি ইনসাফ কায়েম করা হবে। বিচারব্যবস্থায় ইনসাফ কায়েম হলে দেশের উন্নতি ত্বরান্বিত হবে। আমরা স্বাস্থ্য খাতের উন্নতি করতে চাই। আমরা ক্ষমতায় গেলে মানসম্মত স্বাস্থ্যনীতির মাধ্যমে জনস্বাস্থ্যের উন্নতি করব।’

তিনি বলেন, ‘সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙনে মানুষ প্রতিবছর সর্বস্বান্ত হয়। আমরা ক্ষমতায় গেলে যমুনা নদী খনন করে যমুনার বাঁধকে শক্তিশালী করব। যমুনা নদী শাসনের মাধ্যমে সিরাজগঞ্জের উন্নতি করব। আমরা সরকার গঠন করলে এ জেলার তাঁতশিল্পকে আবার জীবন্ত করা হবে। তাঁতসমৃদ্ধ সিরাজগঞ্জের দুঃখ-দুর্দশাগ্রস্ত শ্রমিকদের উন্নয়নে কাজ করব।’

শফিকুর রহমান বলেন, ‘২০২৪-২৫ অর্থবছরে সরকার দেশের চাহিদা পূরণের জন্য পাঁচ হাজার কোটি টাকার গুঁড়া দুধ বিদেশ থেকে আমদানি করেছে। অথচ আমরা সংবাদমাধ্যমে দেখেছি, এই জেলার দুগ্ধ খামারিরা দুধের ন্যায্যমূল্য না পেয়ে দুধ রাস্তায় ঢালছেন। সরকার তাদের উপহাস করছে। আমরা সিরাজগঞ্জের দুগ্ধ উৎপাদন করে সরাসরি ঢাকায় না পাঠিয়ে এই জেলাতেই আধুনিকভাবে প্রক্রিয়াজাত করে গুঁড়া দুধে রূপান্তর করে সারা দেশের চাহিদা পূরণ করব ইনশা আল্লাহ। এতে এই জেলায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।’

জামায়াতের আমির আরও বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে অনিয়ম-দুর্নীতি, চুরি, চাঁদাবাজিকে প্রশ্রয় দেব না। কেউ চাঁদাবাজি করলে তাদের শিকড় উপড়ে ফেলব। আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। আপনারা দুর্নীতিবাজদের বয়কট করুন। এবারে নির্বাচনে আপনারা চাঁদাবাজদের বয়কট করুন।’

নারীদের নিয়ে তিনি বলেন, ‘জামায়াতসহ ১০–দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদের ঘরে-বাইরে-কর্মস্থলে সুরক্ষা দেব। নারীদের উন্নয়নে কাজ করব। যারা নারীদের নিয়ে মিথ্যা মায়াকান্না করেন, তারাই নারীদের ক্ষতি করে থাকেন।’

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিলে ওসমান হাদী হত্যার বিচার সম্ভব হবে। জুলাইয়ের শহীদদের সুবিচার নিশ্চিত করা যাবে। যারা ‘না’ ভোটের পক্ষে থাকবে, তারা আধিপত্যবাদের দালাল হিসেবে চিহ্নিত হবে। এবারের নির্বাচনে আধিপত্যবাদীদের লাল কার্ড দেখাতে হবে।’

জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের প্রার্থী ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি এনায়েতুল্লাহ আবদুর রউফ প্রমুখ। 

পরে উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খানের নির্বাচনী পথসভায় যোগ দেন জামায়াতের আমির।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.