ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের আলোচিত কলেজ ছাত্র আশরাফুল আলম রবিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
রবিবার (১৪ জুন) দুপুরে গফরগাঁও প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের জনগণ ও কলেজ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহত রবিনের বাবা মোফাজ্জল হোসেন, মা শান্তা বেগম, বড় বোন ফাতেমা আক্তার ঝিনুক, সাবেক পৌর কাউন্সিলর আলা উদ্দিন সুলতান, গফরগাঁও সরকারি কলেজের ছাত্রী ইমি প্রমুখ।
মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় রবিনের বাবা মোফাজ্জল হোসেন কাঁদতে কাঁদতে বলেন, ‘‘আমার বুক যারা খালি করছে, আমার ছেলেকে যারা খুন করছে তাদের ফাঁসি চাই।’’
প্রসঙ্গত, সোমবার (৯ জুন) রবিন মোটরসাইকেলে বাড়ি ফিরার পথে দূর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, ‘‘ইতিমধ্যে রবিন হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাজীব নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রিমান্ডে আনা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









