‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বড় পর্দায় বিশ্বকাপের খেলা সম্প্রচারের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। প্রিয় দলের সমর্থক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুক্ত মঞ্চ প্রাণবন্ত হয়ে ওঠে।
রবিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ সম্প্রচার করা হয়। খেলা উপভোগ করতে বিভিন্ন হল ও বিভাগের শত শত শিক্ষার্থী সেখানে উপস্থিত হন। প্রিয় দলের জার্সি পরে, পতাকা হাতে এবং স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে মুক্তমঞ্চ।
এ ব্যাপারে জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ বলেন, “মুক্তমঞ্চে বড় পর্দায় বিশ্বকাপ খেলা প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক সুবিধার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্বকাপের ম্যাচগুলো বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হওয়ায় ক্যাম্পাসের একাধিক স্থানে আয়োজন করলে তা বিচ্ছিন্নভাবে পরিচালনা করতে হতো। কিন্তু মুক্তমঞ্চে একসঙ্গে বিপুল সংখ্যক শিক্ষার্থী খেলা উপভোগ করতে পারবেন। এছাড়া আশপাশে ওয়াশরুমসহ প্রয়োজনীয় সুবিধা থাকায় শিক্ষার্থীদের জন্য এটি সবচেয়ে উপযোগী স্থান বলে বিবেচিত হয়েছে।”
তিনি বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ক্যাম্পাসের শিক্ষার্থীদের একত্রে বিশ্বকাপের আনন্দ উপভোগের সুযোগ করে দেওয়া। তাই সবাইকে নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে সচেতন থেকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আজ পরীক্ষামূলকভাবে একটি স্ক্রিনের মাধ্যমে খেলা প্রদর্শন করা হয়েছে। তবে শিক্ষার্থীদের সাড়া ও প্রয়োজন বিবেচনায় আগামী দিনগুলোতে আরও বড় স্ক্রিন স্থাপন করা হবে। পাশাপাশি দর্শকদের সুবিধার্থে স্ক্রিনের সংখ্যা আরও বাড়ানোর বিষয়টিও আমাদের পরিকল্পনায় রয়েছে।”
দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী গাজী মো. আবিদ হাসান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘‘এভাবে সবাই একসাথে বিশ্বকাপ খেলা সত্যিই অনেক উপভোগ্য। মুক্তমঞ্চে এক রকম উৎসব মনে হচ্ছে। আর আজকের ব্রাজিলের ম্যাচ দিয়েই মনে হচ্ছে বিশ্বকাপ শুরু হলো।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









