দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়ে গণপিটুনিতে হীরা মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) দিবাগত গভীররাতে উপজেলার পুটিমারা ইউনিয়নের টঙ্গী শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হীরা মিয়া হাকিমপুর উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে নবাবগঞ্জ উপজেলার জাটিহার গ্রামে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে টঙ্গী শ্যামপুর গ্রামের এক বাসিন্দার বাড়িতে চুরির উদ্দেশে প্রবেশ করেন হীরা মিয়া। এ সময় বাড়ির লোকজন তাকে দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। পরে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে।
একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের গণপিটুনিতে হীরা মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









