সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্প’ (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়)-এর আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাস।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর শফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যকারিতা এবং এর মাধ্যমে কীভাবে স্বল্প সময়ে ও স্বল্প খরচে সঠিক বিচার নিশ্চিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একইসাথে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তারা মতামত প্রকাশ করেন।
কর্মশালায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বজিৎ চক্রবর্তী, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল ঘোষ, শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) রহিম মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (পিডিবিএফ) সিনিয়র সহকারী প্রকল্প পরিচালক মতিউর রহমান খান, উপজেলা ভি আই ডিপি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপার ভাইজার কালিপদ দাস এবং উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস চন্দ্র রায়।
কর্মশালায় উপস্থিত ব্যক্তিবর্গ প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের দোরগোড়ায় গ্রাম আদালতের সুফল পৌঁছে দিতে এবং আইনি সেবা আরও সহজতর করতে সরকারি ও বেসরকারি উভয় পক্ষকে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









