প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়ের জেলা মৌলভীবাজার সফর উপলক্ষে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে বুধবার (১৭ জুন) জেলার ৯২টি চা বাগান বন্ধ থাকবে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে কমলগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফরের নানা দিক ও প্রস্তুতির বিষয় গণমাধ্যমের সামনে তুলে ধরেন মৌলভীবাজার-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
তিনি প্রধানমন্ত্রীর এই সফর ও সমাবেশকে ঐতিহাসিক করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৌলভীবাজারের সদর ও শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। তার আগমনকে কেন্দ্র করে চা শ্রমিকেরা যাতে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হতে পারেন, সেজন্যই জেলার বাগানগুলোতে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকেরা বুধবার ছুটি পেলেও এর পরিবর্তে আগামী রবিবার তাদের নিয়মিত কাজ করতে হবে। একই সঙ্গে, সাধারণ নিয়মে বৃহস্পতিবার মজুরি দেওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অনেক চা বাগানে আজই শ্রমিকদের সাপ্তাহিক মজুরি পরিশোধ করা হয়েছে।
চাম্পারায় চা বাগানের ব্যবস্থাপক রাহেল রানা জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমাদের এনটিসি চা বাগান বুধবার বন্ধ থাকবে। তবে এই ছুটির পরিবর্তে আগামী রবিবার শ্রমিকেরা যথারীতি কাজ করবেন।
এদিকে, দীর্ঘ প্রতীক্ষিত প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা ও তৃণমূল বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ ও চরম উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে জেলার প্রতিটি ইউনিয়নে প্রস্তুতি সভা ও গণসংযোগ করছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









