চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার কানসাটের শাপলা সিনেমা হল সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে এ অভিযান চালায় শিবগঞ্জ থানা পুলিশ। আটক সোহেল রানা (২৫) শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের আয়নাল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারত থেকে চোরাই পথে দেশে আনা এসব যন্ত্রাংশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যশোর, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জেলায় পাঠানোর প্রস্তুতি চলছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে মালামালগুলো জব্দ করে। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কয়লাবাড়ী এলাকার আরও তিনটি গুদামে অভিযান চালিয়ে অতিরিক্ত যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কানসাট সুন্দরবন কুরিয়ার সার্ভিস শাখার দায়িত্বপ্রাপ্ত তোরিকুল ইসলাম বলেন, ‘‘এর আগেও বিভিন্ন ধরনের গাড়ির যন্ত্রাংশ বুকিং দেওয়া হয়েছে এবং সেগুলো দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে।’’ তবে এসব মালামাল চোরাই পথে আনা কি না, সে বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না বলে তিনি দাবি করেন। পুলিশের তদন্তে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গাড়ির বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত চোরাচালান ও কালোবাজারি চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, উদ্ধারকৃত মালামাল থানায় এনে গণনা ও তালিকা তৈরির কাজ চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









