দেশের কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় প্রায় দেড় গুণেরও বেশি বন্দি আটক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে ৭৫টি কারাগারে মোট বন্দির সংখ্যা ধারণক্ষমতার প্রায় ১.৭ গুণ।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের কারাগারগুলোর মোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে পুরুষ বন্দির জন্য ৪৩ হাজার ১০৭ এবং নারী বন্দির জন্য ২ হাজার ২৯ জনের ব্যবস্থা রয়েছে। তবে বর্তমানে মোট ৭৬ হাজার ১১৩ জন বন্দি কারাগারে আটক আছেন, যার মধ্যে পুরুষ ৭৪ হাজার ৩৬ এবং নারী ২ হাজার ৭৭ জন।
তিনি জানান, ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি থাকার কারণে বিভিন্ন কারাগারে আবাসন সংকট দেখা দিয়েছে। এ সমস্যা সমাধানে ইতোমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুরে নতুন কারাগার চালুর প্রস্তুতি চলছে।
মন্ত্রী আরও জানান, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগারের পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প শেষ হলে কারাগারগুলোর ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বাড়বে, যা মোট ধারণক্ষমতা ৪৮ হাজার ৯১ জনে উন্নীত করবে।
এছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে কারাগারগুলোর ধারণক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









