গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরির চেষ্টা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হাসান আনন্দ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার দুই সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বুধবার (১৭ জুন) সকালে স্থানীয়রা নিহতের দুই সহযোগীকে চুরি করা তারসহ আটক করেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহত আনন্দ উপজেলার মূলগাঁও চরপাড়া এলাকার আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তবে স্থানীয়দের দাবি, বিভিন্ন সময় সংঘটিত চুরির ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। এছাড়া আটক ব্যক্তিরা হলো- মূলগাঁও এলাকার সাইফুলের ছেলে আশিক এবং বাঘেরপাড়া এলাকার অরুণের ছেলে খাইরুল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় ইউরো বাংলা গ্লাস ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় গভীর রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে সেখানে যান তারা। লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে মনে করে তারা কাজ শুরু করেন। একপর্যায়ে খুঁটি থেকে বিচ্ছিন্ন করা তার টানতে গেলে সেটি অপর একটি সচল বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে তীব্র বৈদ্যুতিক শকে ঘটনাস্থলেই মারা যান আনন্দ।
ঘটনার আকস্মিকতায় সঙ্গে থাকা অন্যরা দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









