নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গত চার মাসে ৪০০ কোটি টাকারও বেশি উন্নয়ন বরাদ্দ অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেছেন, ‘‘রূপগঞ্জকে একটি আধুনিক, পরিকল্পিত ও দৃষ্টিনন্দন জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।’’
বুধবার (১৭ জুন) দুপুরে রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি দিপু বলেন, ‘‘বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর গত চার মাসে রূপগঞ্জে টিআর, কাবিখা, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে ৪০০ কোটি টাকার বেশি বরাদ্দ অনুমোদন হয়েছে, যা দেশের অন্য যেকোনো উপজেলার তুলনায় সর্বাধিক। রূপগঞ্জকে এমনভাবে সাজানো হবে যাতে এর উন্নয়ন ও সৌন্দর্য জাতীয় সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হয়।’’
তিনি আরও বলেন, ‘‘নির্বাচনের আগে রূপগঞ্জবাসীর কাছে ‘স্বপ্নের রূপগঞ্জ’ গড়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। বালু নদীর ওপর শতকোটি টাকা ব্যয়ে একটি সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। এছাড়া তারাবো পৌরসভার উন্নয়নে ১৮০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে।’’
তাছাড়া রূপগঞ্জের শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো ও পরিবেশ উন্নয়নের পাশাপাশি সবুজায়ন কর্মসূচি জোরদার করা হবে। একই সঙ্গে উপজেলার প্রবাহমান দুটি নদীর নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হবে বলে জানান দিপু ভূঁইয়া।
তিনি বলেন, ‘‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আধুনিক ও সুন্দর নগরী গড়ে তোলার স্বপ্ন দেখছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে রূপগঞ্জের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’’
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোহানুর রহমান সোহান, সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









