হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ জন চা শ্রমিককে সরকারের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার চন্ডিছড়া খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কার্ড বিতরণ করা হয়। মৌলভীবাজার সরকারি স্কুল থেকে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল।
এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, চুনারুঘাট উপজেলা পষিদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দন সামসু, হবিগঞ্জ জজ কোর্টের পিপি আব্দুল হাই, উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মীর সিরাজ আলী, ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সালেহ মো. শফিকুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক চৌধুরী, যুগ্ন আহবায়ক সফিক মহালদার, সৈয়দ আবু নাঈম হালিম, আমিনুল ইসলাম সুজনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও চা শ্রমিকরা।
অনুষ্ঠানে জানানো হয়, প্রথম পর্যায়ে চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ জন শ্রমিককে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে আরও সুবিধাভোগীদের এই কর্মসূচির অন্তর্ভুক্তি করা হবে।
ফ্যামিলি কার্ড হাতে পেয়ে চা শ্রমিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। শ্রমিকরা বলেন, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সরকারি বিভিন্ন সহায়তা পাওয়ার সুযোগ আরও সহজ হবে।
স্থানীয় সংসদ সদস্য এস এম ফয়সল বলেন, ‘‘সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড প্রদান সেই উদ্যোগেরই একটি অংশ। এতে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









