দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে একটি আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) ভোরে উপজেলার ৭ নম্বর দাউদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রামের সেকেন্দার হাজীর আমবাগানে একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। বিষয়টি দ্রুত নবাবগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত রুপালি রাণী (৩৫) একই গ্রামের বাসিন্দা ও অরুণ সরকারের স্ত্রী বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। হঠাৎ করে আমবাগানে তার মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবাবগঞ্জ-বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস এবং তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন বলেন, “নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









