সিলেটের ফেঞ্চুগঞ্জের হাল হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা আরও এক জেলে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা সংলগ্ন হাল হাওরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মৌলভীবাজারের রাজনগর উপজেলার কালারবাজার এলাকার সাবির মিয়া (৪০) ও হামিদ মিয়া (৪৫)। এ ঘটনায় একই এলাকার হাবিল মিয়া নামের আরও একজন নিখোঁজ রয়েছেন। তারা সবাই পেশায় জেলে ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই তিন জেলে একটি নৌকা নিয়ে জুড়ি নদীর পার্শ্ববর্তী হাল হাওরে মাছ ধরতে যান। দুপুর ১২টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাত হলে নৌকার ভেতরেই সাবির ও হামিদের মৃত্যু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে তাদের সঙ্গে থাকা হাবিল মিয়া নৌকা থেকে হাওরের পানিতে ছিটকে পড়ে নিখোঁজ হন।
খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। নিখোঁজ হাবিল মিয়াকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল হাওরে তল্লাশি অভিযান চালাচ্ছে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির এদিনকে জানান, নিহত দুই জেলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিখোঁজ অপর ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









