২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবে।
সোমবার (২৭ জুলাই) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সংসদ সচিবকে পাঠানো ইসি সচিব আখতার আহমেদের চিঠিতে বলা হয়েছে, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে।
চিঠিতে আরও বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার বিধান অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে আলোচনা করার বাধ্যবাধকতা রয়েছে। এ কারণেই সিইসির সাক্ষাতের সময় নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য নির্বাচন কমিশনাররা এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এছাড়া ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম সহায়তাকারী কর্মকর্তা হিসেবে উপস্থিত থাকবেন।
বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা ও সার্বিক প্রস্তুতির বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









