বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামীকাল শুক্রবার (১৯ জুন) নারায়ণগঞ্জ যাচ্ছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াত।
সংবাদ সম্মেলনে মহানগর জামায়াতের আমীর মাওলানা মো. আবদুল জব্বার বলেন, ‘‘আমরা এমন একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম, যেখানে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে, অর্থনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব হবে এবং সমাজ মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত থাকবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য জনগণের সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি।’’
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মহানগরীর আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, ‘‘নারায়ণগঞ্জের স্কুল কলেজ, নদীনালা, হাটবাজার ও ঘাট বন্দর যেন একটি দল তাদের পকেটে ভরে রাখার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা নারায়ণগঞ্জসহ সারা দেশেই আইনশৃঙ্খলার অবনতি লক্ষ্য করছি।’’
এ সময় শুক্রবারের কর্মসূচি সফল করতে নারায়ণগঞ্জবাসী, প্রশাসন এবং গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মহানগরীর আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদসহ আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম, সেক্রেটারি ইঞ্জি. মো. মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আব্দুল মোমিন, কর্মপরিষদ সদস্য মুখলেসুর রহমান মহানগরীর অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









