দেশের ঐতিহ্যবাহী দেশীয় ফলের উৎপাদন, ব্যবহার ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরতে কাঁঠালের রাজধানীখ্যাত গাজীপুরে শুরু হয়েছে ‘ফল মেলা-২০২৬’।
শুক্রবার (১৯ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে গাজীপুর সদর উপজেলা চত্বরে অনুষ্ঠিত এ মেলায় স্থান পেয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত ৩৪ প্রজাতির দেশীয় ফল। রঙ, স্বাদ ও বৈচিত্র্যে সমৃদ্ধ এসব ফল দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মেলার অন্যতম আকর্ষণ ছিল গাজীপুরের একটি বিশালাকৃতির ৩৫ কেজি ওজনের কাঁঠাল। ভিডিও কনফারেন্সে কাঁঠালটি মন্ত্রীকে প্রদর্শন করা হলে তিনি এর উৎপাদন ও বাজার সম্ভাবনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, ‘‘গাজীপুরের কাঁঠাল ও কাঁঠালজাত পণ্য বিদেশে রপ্তানির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্তমানে এ খাতে প্রায় ৫০০ কোটি টাকার বাজার গড়ে উঠেছে। কাঁঠালকে আধুনিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত ও বহুমুখী পণ্য হিসেবে বাজারজাত করা গেলে এর বাজারমূল্য ২ হাজার কোটি টাকারও বেশি হতে পারে।’’
তিনি আরও বলেন, ‘‘ফল মেলা শুধু একটি প্রদর্শনী নয়; এটি দেশীয় ফলের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো, কৃষকদের উৎসাহিত করা এবং নতুন প্রজন্মকে আমাদের কৃষি ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ফলভিত্তিক শিল্পের প্রসারেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’
সভাপতির বক্তব্যে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন বলেন, ‘‘দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ সমাজ গঠনের পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। এ ধরনের আয়োজন কৃষক, উদ্যোক্তা ও ভোক্তাদের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করে।’’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান, সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. আবদুল্লাহ আল ফারুক এবং অতিরিক্ত উপ-পরিচালক আবদুল মতিন বিশ্বাস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









