“ক্লিন কুষ্টিয়া-গ্রীন কুষ্টিয়া” স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরআগে কুষ্টিয়া পৌরসভা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড. এ. কে. এম মতিনুর রহমান।
‘ক্লিন কুষ্টিয়া-গ্রীন কুষ্টিয়া’র আহ্বায়ক আব্দুল মঈদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাঃ আব্দুল লতিফ, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এবং কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ‘ক্লিন কুষ্টিয়া-গ্রীন কুষ্টিয়া’র প্রধান উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জি. জাকির হোসেন সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘ক্লিন কুষ্টিয়া-গ্রীন কুষ্টিয়া’র সদস্য সচিব জামিরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কুষ্টিয়া শহরকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। প্লাস্টিক বর্জন, যত্রতত্র ময়লা না ফেলা এবং ব্যাপক হারে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









