রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে একজন বহিরাগতকে চোর সন্দেহে মারপিটে হত্যাকাণ্ডের ঘটনায় ৩ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।
শুক্রবার (১৯ জুন) আরএমপির এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোয়েব আক্তার শিমু (২৫), মো. ফাহিম রেজা ববি (২৪) এবং মো. আতিকুর রহমান (২৫)। তারা সবাই রাজশাহী নার্সিং কলেজের পুরুষ হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থী।
জানা যায়, গত ১৮ জুন রাত ৮.৩০ টায় একজন অজ্ঞাতনামা যুবককে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মেডিকেল কর্তৃপক্ষ বিষয়টি রাজপাড়া থানাকে জানালে পিবিআইয়ের মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করা হয়।
নিহত ব্যক্তির নাম রাকিবুল হাসান রকি (৩১)। তার শরীরের বিভিন্ন স্থানে মারপিটের দাগ থাকায় নিহতের বোন বাদী হয়ে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা, গোয়েন্দা তথ্য, ছাত্রদের ভাষ্য এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয় যে রাজশাহী নার্সিং কলেজের হোস্টেলে প্রবেশ করলে চোর সন্দেহে ছাত্ররা তাকে ধরে স্টাম্প দিয়ে এলোপাথাড়ি মারপিট করে। এতে করে রকি গুরুতর আহত হলে ছাত্ররা তাকে রাতে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামলার ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, অন্যান্য জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









