চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আসাদুল হক (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার মুশরীভুজা-বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুল হক ওই এলাকার ইয়াসিন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুল হক ও একই গ্রামের ইলিয়াস আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত হন আসাদুল হক। তাকে প্রথমে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’’
তিনি আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









