সুনামগঞ্জের শাল্লায় বাচ্চাদের ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ছাদির হোসেন (৩৮) হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়া (২৫)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সুনামগঞ্জ র্যাব-৯ এই তথ্য জানান।
গত বুধবার (১৭ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ (সুনামগঞ্জ) এবং র্যাব-৭ (চট্টগ্রাম)-এর একটি চৌকস দল চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরস্থ ১ নং রেল গেইট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, সুনামগঞ্জের শাল্লা থানাধীন ফয়জুল্লাপুর এলাকার বাসিন্দা নিহত ছাদির হোসেনের পরিবারের সাথে প্রতিপক্ষের সামাজিক ও গ্রাম্য বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। গত ২৯ মে বিকেলে বাচ্চাদের ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে নতুন করে বাগবিতণ্ডা হয়।
এই তুচ্ছ ঘটনার জের ধরে ওই দিন রাতেই ঘটে এক নৃশংস হত্যাকাণ্ড। রাত সাড়ে ১১টায় প্রতিপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র (দা, টেটা, লোহার রড, বল্লম, কুড়াল) নিয়ে দলবদ্ধ হয়ে ছাদির হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এই হামলায় গুরুতর আহত হয়ে ছাদির মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে শাল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার প্রধান আসানী ছিলেন সুমন মিয়া।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এই বর্বরোচিত হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে র্যাবের চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









