গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। হামলার শিকার ওই নারী প্রাণ বাঁচাতে পাশের একটি মসজিদে আশ্রয় নিলেও সেখানেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে শ্রীপুর পৌরসভার শ্রীপুর চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নারী (২২) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের পাইথল গ্রামের প্রবাসী সাকিব হোসেনের স্ত্রী। হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন কিশোর গ্যাং লিডার শহিদুল্লাহ, সাগর, তোষার ও আরশাদ আরিফ। স্থানীয়দের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকাসক্ত কিশোর গ্যাং হিসেবে পরিচিত।
ভুক্তভোগী নারী জানান, তার চাচাশ্বশুর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে তিনি শ্রীপুর বাসস্ট্যান্ডে আসেন। অটোরিকশার ভাড়া পরিশোধ করার সময় বাসস্ট্যান্ডসংলগ্ন সাগর টেলিকমের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় শহিদুল্লাহ নামের এক যুবক মোটরসাইকেল নিয়ে এসে তার পায়ে চাকা লাগিয়ে দেয়।
তিনি বলেন, “আমি এর প্রতিবাদ করলে শহিদুল্লাহ আমাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে শুরু করে। পরে ট্রাফিকের দায়িত্বে থাকা এক সদস্যের হাতে থাকা লাঠি নিয়ে আমাকে বেধড়ক মারধর করে। প্রাণ বাঁচাতে পাশের একটি মসজিদে গিয়ে আশ্রয় নিলেও সেখানে ঢুকে আবারও মারধর করা হয়। একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে জ্ঞান ফিরলে নিজেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখতে পাই।”
আহত নারীর বাবা স্বপন মিয়া বলেন, “মেয়ের দেবর ফোন করে ঘটনার বিষয়টি আমাকে জানায়। খবর পেয়ে আমি মোটরসাইকেলে করে গফরগাঁও থেকে দ্রুত হাসপাতালে যাই। সেখানে মেয়েকে গুরুতর আহত অবস্থায় ভর্তি অবস্থায় পাই। তার শরীর রক্তে ভেজা ছিল। শরীরের এমন কোনো স্থান নেই যেখানে আঘাতের চিহ্ন নেই।”
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে অভিযুক্তরা ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা ঘটনার পর পালিয়ে গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









