দীর্ঘ আট বছর পর আবারও রুপালি পর্দায় একসঙ্গে দেখা যাবে ধানুশ ও সাই পল্লবী-কে। ‘মারি ২’-এর জনপ্রিয় গান ‘রাউডি বেবি’র পর এই জুটির ফেরার খবর ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।
রাজকুমার পেরিয়াসামি পরিচালিত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘ওম’-এ দেখা যাবে এই জুটিকে। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার, যার নাম দেওয়া হয়েছে ‘ওম ফার্স্ট স্ট্রাইক’। টিজার প্রকাশের পরই দক্ষিণী চলচ্চিত্রপ্রেমীদের মাঝে আগ্রহ আরও বেড়ে গেছে।
টিজারে ঘন জঙ্গল ও পাহাড়ি পরিবেশে আতঙ্কিত গ্রামবাসীদের দেখা যায়। এর মধ্যেই নাটকীয়ভাবে প্রবেশ করেন ধানুশ এবং শুরু হয় টানটান অ্যাকশন। প্রতিপক্ষকে পরাস্ত করার দৃশ্যের পাশাপাশি শেষদিকে তাকে একটি বিশাল অস্ত্র হাতে দেখা যায়, যেখানে ভেসে ওঠে সিনেমার নাম ও মুক্তির তারিখ।
তবে টিজারে সাই পল্লবীর উপস্থিতি না থাকলেও সিনেমায় তার গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে বলে জানা গেছে। এছাড়া চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মালয়ালম তারকা মেগাস্টার মামুট্টি এবং শ্রীলীলা।
উল্লেখ্য, সাই পল্লবী এর আগে একই পরিচালকের ‘আমরণ’ সিনেমায় কাজ করেছিলেন।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওম’।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









