মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের যুদ্ধ বন্ধের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর, পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য নির্ধারিত সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। লজিস্টিক জটিলতা এবং আলোচনার চূড়ান্ত রূপরেখা এখনও পুরোপুরি প্রস্তুত না হওয়ায় সফরটি স্থগিত করা হয়েছে বলে হোয়াইট হাউস ও সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সুইজারল্যান্ডের ‘বুর্গেনস্টক’ রিসোর্টে এই উচ্চপর্যায়ের কারিগরি আলোচনা শুরু হওয়ার কথা ছিল।
সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার আলোচনা স্থগিত করা হয়েছে। তবে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রস্তুতি চলছে।
আজ শুক্রবার এ আলোচনা শুরু হওয়ার কথা ছিল। হোয়াইট হাউসের বরাতে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, ‘এ আলোচনার সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা কখনোই সহজ বা আগে থেকে অনুমান করার মতো ছিল না। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট আজ রাতে রওনা হচ্ছেন না।’
মুখপাত্র আরও বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব কারিগরি আলোচনা শুরু করার জন্য উন্মুখ হয়ে আছি।’
উল্লেখ্য, জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা ছিল আজ। ইরান ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও বিষয়টি নিশ্চিত করেছিল। তবে কোনো আভাস না দিয়ে এক দিন আগেই গত বুধবার রাতে (বাংলাদেশ সময়) স্মারকে সই করা হয়।
ফ্রান্স থেকে ভার্চ্যুয়ালি স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তেহরান থেকে সই করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
পরে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ জানিয়ে দেন, শুক্রবার (আজ) জেনেভায় প্রাথমিক চুক্তি (সমঝোতা স্মারক) সইয়ের আনুষ্ঠানিকতা হচ্ছে না। তবে এদিন চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু হবে বলে জানিয়েছে দেশটি।
এ আলোচনা হওয়ার কথা ছিল পর্বতের শীর্ষে অবস্থিত একটি অবকাশকেন্দ্রে। সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি মধ্যস্থতাকারী পাকিস্তান, কাতারসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা থাকার কথা। আলোচনা চলার কথা ৬০ দিন। সেখানে ইরানের পরমাণু কর্মসূচি ও জব্দ করা অর্থ ছাড় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ২০১৫ সালে চুক্তি করতে প্রায় দুই বছর লেগেছিল। তাই এবারের আলোচনার ৬০ দিনের সময়সীমা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন সাংবাদিকেরা। তাঁর ভাষ্য, ইরান যত দিন ‘ঠিকঠাক আচরণ’ করবে, এ সময়সীমা নিয়ে তিনি ভাববেন না।
বুধবার সই হওয়া এ স্মারককে ‘ঐতিহাসিক’ বলেছে ইরান। দেশটি ইতিবাচক থাকলেও শঙ্কা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিক দিয়ে। স্মারকে সই করার পরই হুমকি আসে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে। সমঝোতার শর্ত মেনে না চললে ইরানে হামলা করা হবে বলে জানান তিনি। আর সমঝোতা স্মারকের বিপরীতে গিয়ে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
শঙ্কা থাকলেও ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এই স্মারকে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর সবচেয়ে বড় ঘটনা। যুদ্ধে সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তাঁদের মধ্যে আছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় অনেক নেতা। এ ছাড়া যুদ্ধের কারণে দেখা দিয়েছে অর্থনৈতিক অস্থিতিশীলতা। এর ধাক্কা বাংলাদেশসহ সারা বিশ্বের ওপর পড়েছে।
যদিও সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর পরিস্থিতি ভালো হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সমঝোতা অনুযায়ী গতকাল বৃহস্পতিবার হরমুজ প্রণালি দিয়ে কিছু জাহাজ পারাপারের খবর পাওয়া গেছে। এর মধ্যে ফ্রান্সের পতাকাবাহী একটি জাহাজ রয়েছে। ইরানের ১১টি জাহাজও দেশটির বন্দর ছেড়ে গন্তব্যের দিকে এগিয়েছে। এদিন প্রতি ব্যারেল তেলের দামও কমে ৭৯ ডলারের নিচে নেমে এসেছে।
এ পরিস্থিতিতে চুক্তি টেকসই করার বড় দায়িত্ব যুক্তরাষ্ট্রের বলে মনে করেন তেহরানের ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের অধ্যাপক মোস্তাফা কোসচেশম। তাঁর শঙ্কাও ইসরায়েলকে নিয়ে।
আল–জাজিরাকে এই অধ্যাপক বলেন, লেবাননে যদি ইসরায়েল হামলা চালিয়ে যায়, তবে ইরান চুক্তি থেকে সরে যেতে পারে। ইসরায়েলকে সামলে রাখার দায়িত্ব যুক্তরাষ্ট্রের ওপরই পড়ে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









