ময়মনসিংহের গফরগাঁওয়ে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ ও ভিডিও দেখিয়ে আবারো ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে দুই সন্তানের জনক মুদি ব্যবসায়ী আল আমিনের (৩৩) বিরুদ্ধে। শুক্রবার (১৯ জুন) বিষয়টি জানাজানি হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার লক্ষণপুর গ্রামের নয়াপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত আল আমিন (৩৩) একই এলাকার প্রবাসী তাইজুলের ছেলে।
ভুক্তভোগীর পিতা অভিযোগ করে জানান, গত ১৫ জুন দুপুরে তার মেয়ে মাদ্রাসা (রসুলপুর ক্যাডেট মাদ্রাসা) থেকে বাড়ি ফেরার পথে লক্ষপুর গ্রামের নয়াপাড়া মোড়ের মুদি ব্যবসায়ী আল আমিন তার মেয়েকে প্রলোভন দেখিয়ে দোকানের পিছনে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। বিষয়টি জানাজানি হলে ভিডিও অনলাইনে ছেড়ে দিবে বলে মেয়েকে হুমকি দেয় আল আমিন।
তিনি আরো জানান, বৃহস্পতিবার (১৮ জুন) সেদিনের ভিডিও দেখিয়ে ব্লাকমেইল করে আবারো ধর্ষণের চেষ্টা চালায় আল আমিন। পরে মাদ্রাসাছাত্রী কোনোরকমে ছাড়া পেয়ে পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়।
এ ব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘‘বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









