বরগুনার বেতাগীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক কার্যক্রমের প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে বেতাগী থানা পুলিশ। শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার ফেরিঘাট এলাকার ‘দুর্জয় বেতাগী ভাস্কর্যের’ আশপাশে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় রাতে বেতাগী থানায় একটি প্রেস ব্রিফিং করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের কিছু কর্মী উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসে ফেরিঘাট এলাকায় জড়ো হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও ৬ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটকৃতরা হলেন—উপজেলার দক্ষিণ হোসনাবাদের শাহীন (১৯), তাওহিদ (১৮), ফুলতলা গ্রামের মাহিম (১৭), মো: সিফাত (১৯), বিবিচিনি ইউনিয়নের পারভেজ (২০) ও তালগাছিয়া গ্রামের নাঈম (১৭)। এ সময় তাদের কাছ থেকে আওয়ামী লীগের কিছু হ্যান্ডবিল ও পতাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা ছাত্রলীগের কোনো পদধারী নেতা-কর্মী কিনা জানতে চাইলে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, জিজ্ঞাসাবাদে তারা কোনো সাংগঠনিক পদে থাকার বিষয়টি স্বীকার করেনি। ফলে তারা ছাত্রলীগের কোনো নির্দিষ্ট পদে রয়েছে কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার সন্ধ্যা ৮টায় বেতাগী থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ওসি মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, "আগস্ট মাসকে কেন্দ্র করে কিছু ছাত্রলীগ কর্মী বেতাগী ফেরিঘাট এলাকার দুর্জয় ভাস্কর্যে উপজেলার বিভিন্ন স্থান থেকে এসে জড়ো হতে শুরু করে। এমন সংবাদের ভিত্তিতে আমি নিজে থানার ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। অনেকেই পালিয়ে যেতে সক্ষম হলেও ৬ জনকে আটক করা হয়েছে।"
তিনি আরও বলেন, যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। এই অভিযানের পর বর্তমানে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









