দীর্ঘ বিরতির পর আবারও ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা। স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করে শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলা মিনি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে 'দীঘিনালা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬'।
উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, পিএসসি। এরপর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ২নং বোয়ালখালী একাদশ ও ৩নং কবাখালী একাদশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মাঠে পুরোপুরি আধিপত্য বিস্তার করে বোয়ালখালী একাদশ। তাদের ধারাবাহিক আক্রমণের মুখে কবাখালী একাদশের রক্ষণভাগ ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে কবাখালীকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে বোয়ালখালী একাদশ।
খেলা ঘিরে স্থানীয় ক্রীড়ামোদিদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো দর্শকের উপস্থিতিতে গ্যালারি ও মাঠসংলগ্ন এলাকা পরিপূর্ণ হয়ে ওঠে। দর্শকদের টানটান উত্তেজনা ও খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স উদ্বোধনী ম্যাচটিকে আরও জাঁকজমকপূর্ণ করে তোলে।
উদ্বোধনী অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, পিএসসি বলেন, "খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠমুখী যুবসমাজই একটি সুস্থ ও ইতিবাচক সমাজ গঠনের অন্যতম ভিত্তি। দীঘিনালা জোন ভবিষ্যতেও তরুণদের মেধা বিকাশ ও জনকল্যাণমূলক কার্যক্রমে পাশে থাকবে।"
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ বলেন, "এ ধরনের আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিরও একটি কার্যকর মাধ্যম। তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই।"
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ, পিএসসি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এই টুর্নামেন্ট উপজেলার তরুণদের মধ্যে ঐক্য এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









