নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে উপজেলা অডিটরিয়ামে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
উচ্চ ফলনশীল আমন ধানের বীজ ব্যবহারের মাধ্যমে ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক দুই হাজার পাঁচশত কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ এমওপি ও ৫ কেজি আমন ধানের বীজ বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলার ৩০০ কৃষক ও ৬১টি প্রতিষ্ঠানের মাঝে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ২ হাজার ৭২০টি গাছের চারা বিতরণ করা হচ্ছে। কর্মসূচি অনুযায়ী প্রতিটি কৃষক ৫টি করে গাছের চারা ও জৈব সার এবং প্রতিটি প্রতিষ্ঠান ২০টি করে গাছের চারা ও জৈব সার পাচ্ছে।
একই সঙ্গে খরিপ-২ মৌসুমে শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সবজি বীজ ও সার বিতরণ কার্যক্রমও শুরু করা হবে। লেবু জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৬০ জন কৃষকের মাঝে লেবুর চারা বিতরণ করা হবে। প্রতিটি কৃষক ৫টি করে লেবুর চারা এবং জৈব সার পাচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রতিটি কৃষক ৭ ধরনের সবজি বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার পাবেন।
উপজেলা কৃষি অফিসার মো. রাসেল মিয়া জানান, বাড়ির আঙিনা ও পতিত জমি ব্যবহার করে সবজি উৎপাদনের মাধ্যমে কৃষক পরিবারগুলো পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয়ও করতে পারবেনকৃষি বিভাগ আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে উপজেলায় লেবু জাতীয় ফসলের আবাদ সম্প্রসারিত হবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে আরও লাভবান হবেন।
সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, ‘‘যে দেশের কৃষি যত বেশি উন্নত সে দেশ তত বেশি উন্নত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের কথা চিন্তা করে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় তারই সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কৃষির উৎপাদন বৃদ্ধি করতে বিএনপির সরকার কৃষকদের ব্যাপক প্রণোদনা সহায়তা দিয়ে যাচ্ছে।’’
তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শ অনুসরণ করে অধিক উৎপাদনের সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
ইউএনও আসাদুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক, স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা কৃষি অফিসার মো. রাসেল মিয়া, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, যুগ্ম সম্পাদক সাবেক ভিপি কবির হোসেন, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ ডালিম প্রমুখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









