চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ একজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এসময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি পাথর বোঝাই ট্রাকও জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত ২০ জুন আনুমানিক রাত ০৮:৪০ ঘটিকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি চৌকস টহলদল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। দলটি শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ সোনামসজিদ বিওপির উত্তর-পশ্চিম পাশে পাকা রাস্তায় একটি বাংলাদেশী ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮) তল্লাশি চালায়।
উক্ত তল্লাশি অভিযানে ট্রাকটিতে রক্ষিত ১০ টন পাথরের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩২০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ মাহফুজুর রহমান (২৩) নামের এক যুবককে আটক করা হয়। আটককৃত মাহফুজুর রহমান শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাজিতপুর গ্রামের মোহাঃ শফিকুল ইসলামের ছেলে। বিজিবি জানিয়েছে, আটককৃত আসামিসহ জব্দকৃত ট্রাক, পাথর এবং যন্ত্রাংশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
এর আগে গত ১৯ জুনও এই ব্যাটালিয়ন একটি পরিত্যক্ত পুকুরে অভিযান পরিচালনা করে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ উদ্ধার করতে সক্ষম হয়েছিল।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে সর্বদা 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশের সীমান্ত রক্ষা এবং চোরাচালান রোধে বিজিবির এই ধরনের কঠোর ও বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









