মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (২১ জুন) দুপুরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা হয়ে বিমানবন্দরে পৌঁছান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর। ছয় দিনের এই সফরে ২১ ও ২২ জুন মালয়েশিয়া এবং ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন তিনি। সফর শেষে ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে।
এই সফরকে ঢাকা, কুয়ালালামপুর ও বেইজিংয়ের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত হিসেবে দেখা হচ্ছে।
কূটনৈতিক সূত্র জানায়, মালয়েশিয়া সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে শ্রমবাজার সম্প্রসারণ, বাংলাদেশি কর্মী নিয়োগ, বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি সহযোগিতা এবং রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে।
অন্যদিকে চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপাক্ষিক দলিলে সই হতে পারে। এর মধ্যে রয়েছে প্রায় ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









