পিরোজপুরের মঠবাড়ীয়ায় আদালতের আদেশে দীর্ঘদিনের বিরোধপূর্ণ জমি ফিরে পেয়েছেন ভুক্তভোগী মোস্তফা আকন। আজ রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ও থানা পুলিশের একটি চৌকস টিমের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ওই জমির দখল মোস্তফা আকনকে বুঝিয়ে দেওয়া হয়।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার বকসির ঘটিচোরা মৌজার এসএ ১৮২২ নং দাগের আড়াই শতাংশ জমি ও ঘর জোরপূর্বক ভোগদখল করে আসছিলেন রিয়াজুল ইসলাম নামের এক ব্যক্তি। আইনি প্রতিকার পেতে ভুক্তভোগী মোস্তফা আকন নতুন ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর ০৮ ধারায় আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত ওই আড়াই শতাংশ জমি মোস্তফা আকনের অনুকূলে পুনরুদ্ধার করার নির্দেশ দেন। আজ দুপুরে আদালতের সেই নির্দেশনা মোতাবেক প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে মোস্তফা আকনকে জমির মালিকানা ও দখল বুঝিয়ে দেয়।
এ বিষয়ে মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার জানান, আইন সবার জন্য সমান। কোনো সাধারণ নাগরিক যদি অন্যায়ভাবে নিজের জমি থেকে দখলচ্যুত হন, তবে তিনি আইনগত অধিকার ফিরে পেতে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’-এর ০৮ ধারার আশ্রয় গ্রহণ করতে পারেন। অপরাধীদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের উচ্ছেদ অভিযান ও আইনি তৎপরতা সর্বদা অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









