দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২৫–২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধান, হাইব্রিড কাঁচা মরিচ, শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ/চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ জুন) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হায়দার আলী, আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ।
কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধান চাষে ৩ হাজার ৫০০ জন, হাইব্রিড কাঁচা মরিচ চাষে ৪০ জন, শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) চাষে ৫০ জন এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ১৩০ জন কৃষককে সহায়তা প্রদান করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ এবং ১০ কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়। গাছের চারা ১৫৮০টি বিতরণ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









