নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি প্রিন্টিং ও প্যাকেজিং কারখানায় কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী ও আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত দুটি কম্প্রেশার মেশিন ও দুটি ভারী মোটর উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ জুন) রূপগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন।
তিনি জানান, গত ১২ জুন বরপা বাসস্ট্যান্ড সংলগ্ন এসডিকে প্রিন্টিং প্রেস অ্যান্ড প্যাকেজিং কোম্পানিতে সংঘবদ্ধ একটি ডাকাত দল হানা দেয়। সশস্ত্র ডাকাতরা কারখানার শ্রমিক ও তিনজন নাইট গার্ডকে জিম্মি করে মূল্যবান শিল্পযন্ত্র ও নগদ টাকা লুট করে ট্রাকযোগে পালিয়ে যায়।
ঘটনার পর দায়ের হওয়া মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে পুলিশ। পরে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে দুই সদস্যকে গ্রেফতার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত দুটি বড় কম্প্রেশার মেশিন ও দুটি ভারী মোটর উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পুরো চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









