পাবনার আমিনপুর থানার দারিয়াপুর এলাকায় নিখোঁজের দুই দিন পর মো. রহিম খান (৬৫) নামের এক লেবু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) সকালে দরিয়াপুর গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রহিম খান বেড়া উপজেলার টাংবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন লেবু ব্যবসায়ী ছিলেন।
আমিনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, সোমবার সকালে দরিয়াপুর গ্রামের স্থানীয় আম ব্যবসায়ী আবুল কাশেমের বাগানে আম পাড়তে যান কিছু লোক। সেখানে তারা গাছের সাথে রহিম খানের মরদেহ ঝুলতে দেখে তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে এসআই আওলাদ হোসেন আরও জানান, গত শনিবার (২০ জুন) সকালে রহিম খান বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। দুই দিন নিখোঁজ থাকার পর আজ তার মরদেহ উদ্ধার করা হলো।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই থেকে তিন দিন আগে থেকেই সেখানে ঝুলন্ত অবস্থায় ছিল। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’’
তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









