বলিউড নির্মাতা সঞ্জয় লীলা ভানসালির বহুল প্রতীক্ষিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমা সিনেমাটির শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্টে এক কর্মীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে চলচ্চিত্রকর্মীদের সংগঠন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ জুন ভোরে মুম্বাইয়ের ফিল্ম সিটির রয়্যাল পাম্প স্টুডিওতে শুটিং চলাকালে ৪২ বছর বয়সি কার্পেন্টার চন্দ্রধারী সিং যাদব বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় অভিনেত্রী আলিয়া ভাট শুটিংয়ে ছিলেন।
মৃত চন্দ্রধারী সিং যাদবের পরিবারে স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছেন। তার মৃত্যুর পর ভানসালি প্রোডাকশনস পরিবারটির জন্য ৪০ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।
তবে এফডব্লিউআইসিইর দাবি—ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে ৫০ লাখ রুপি করা উচিত। কারণ যাদবের দুই মেয়ে এখনো ছোট। তাদের ভবিষ্যৎ ও শিক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আরো বড় অঙ্কের সহায়তা প্রয়োজন।
এফডব্লিউআইসিইর সভাপতি বি. এন. তিওয়ারি বলেন, “পরিবারের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা এবং কর্মীদের কাজের সময়সীমা নিয়ন্ত্রণে আনার দাবি জানাচ্ছি।”
ক্ষতিপূরণ বৃদ্ধির দাবি জানিয়ে বি. এন. তিওয়ারি বলেন, “আমরা চাই ক্ষতিপূরণ ৫০ লাখ রুপি করা হোক। তার সন্তানেরা এখনো অনেক ছোট। তাদের লেখাপড়ার জন্য দীর্ঘমেয়াদি সহায়তা প্রয়োজন। পাশাপাশি শুটিং সেটে নিরাপত্তা বাড়ানো এবং কর্মঘণ্টা নির্ধারণ করাও জরুরি। যাদব দক্ষ একজন টেকনিশিয়ান ছিলেন। এভাবে তার মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।”
শুধু আর্থিক সহায়তাই নয়, যাদবের স্ত্রীকে ভানসালির প্রযোজনা প্রতিষ্ঠানে একটি চাকরি দেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, এতে পরিবারটির স্থায়ী আয়ের একটি পথ তৈরি হবে।
অন্য একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুর্ঘটনার আগে টানা কয়েক দিন দীর্ঘ সময় কাজ করেছেন যাদব। এফডব্লিউআইসিইর সাধারণ সম্পাদক অশোক দুবে জানান, সকাল ৭টা থেকে পরের দিন রাত ৩টা পর্যন্ত কাজ করেন যাদব। টানা তিন দিন এমন কর্মসূচির মধ্যেই ছিলেন তিনি।
এ ঘটনায় শুটিং সেটে কর্মীদের নিরাপত্তা ও অতিরিক্ত কর্মঘণ্টার বিষয়টি আবারো আলোচনায় এসেছে। সংগঠনটি এখন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর কাছে কঠোর নিরাপত্তা পরীক্ষা ও নির্দিষ্ট কর্মঘণ্টা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। বড় বাজেটের এই পিরিয়ড ড্রামা ২০২৭ সালের ২১ জানুয়ারি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তির কথা রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









