অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিন মেধাবী শিক্ষার্থী। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘টিম জিয়ন’। সংগঠনটির সহায়তায় এখন উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন ওই তিন শিক্ষার্থী।
সোমবার (২২ জুন) বিকেলে গঙ্গাচড়া উপজেলা স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের এইচআর ম্যানেজার রেজাউল করিম রাযী, টিম জিয়নের প্রতিনিধি জালাল আহমেদ রিয়েল, ফজলুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সহায়তা পাওয়া শিক্ষার্থীরা হলেন– গঙ্গাচড়ার আলমবিদিতর এলাকার মো. মাসুদ রানা, যিনি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। এছাড়া মো. ইমতিয়াজ্জামান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগে এবং মোছা. ইতি মনি গুচ্ছভুক্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।
শিক্ষার্থীরা জানান, পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনার খরচ চালানো তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। ভর্তি হওয়ার সুযোগ পেলেও অর্থের সংকটে উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সহায়তা পাওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষার্থী মাসুদ রানা বলেন, উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের জন্য কাজ করার স্বপ্ন ছিল। কিন্তু আর্থিক সংকটে সেই স্বপ্ন বাধাগ্রস্ত হচ্ছিল। সহায়তা পাওয়ায় এখন পড়াশোনা চালিয়ে যাওয়ার আশা তৈরি হয়েছে।
টিম জিয়ন প্রতিনিধি জালাল আহমেদ রিয়েল বলেন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









