ডেঙ্গু রোগের বিস্তার রোধ ও কার্যকর চিকিৎসা ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসকদের দক্ষতা উন্নয়ন এবং জনসচেতনতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।
সোমবার (২২ জুন) রাজশাহী মেডিকেল কলেজের কনফারেন্স হলে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামবি) আয়োজিত ‘ডেঙ্গু ব্যবস্থাপনায় ত্রুটি ও চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রামবির রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো. শাহ আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদ। তিনি ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থাপনায় বিদ্যমান সীমাবদ্ধতা, রোগীর ঝুঁকি নিরূপণ এবং সময়মতো চিকিৎসা প্রদানের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষজ্ঞ প্যানেল আলোচনায় অংশ নেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন এবং বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. বেলাল উদ্দিন। তারা ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য খাতের সমন্বিত উদ্যোগ এবং হাসপাতালগুলোর প্রস্তুতি আরও জোরদারের আহ্বান জানান।
পরে মুক্ত আলোচনায় অংশ নেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম, রাজশাহী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা.মো: জহিরুল হক, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আখতারুল ইসলাম, অর্থোপেডিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মনোয়ার তারিক (সাবু) এবং রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. ওয়াসিম হোসেন। তারা ডেঙ্গু রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
রামবির উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন রামেবির কলেজে পরিদর্শক ডা: শাহ মো: বদরুদ্দোজা, উপ- কলেজ পরিদশর্ক অধ্যাপক ডা মো: মনির-উল- ইসলামসহ রাজশাহী বিভাগের রামবি-অধিভুক্ত সকল মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও নার্সিং কলেজের অধ্যক্ষ এবং রাজশাহী মেডিকেল কলেজের প্রায় ৭০ জন শিক্ষক অংশ নেন।
বক্তারা বলেন, ডেঙ্গু এখন আর শুধু রাজধানীকেন্দ্রিক সমস্যা নয়; দেশের বিভিন্ন অঞ্চলে এর বিস্তার ঘটছে। তাই রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যসেবা ব্যবস্থার সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









