বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত সোমবার (২২ জুন) দিবাগত রাত ১২টার পর কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি নির্মাণাধীন ভবনের গোপন কক্ষে কয়েকজন নেতা-কর্মী একত্রিত হয়ে দলীয় স্লোগান দিচ্ছেন এবং কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করছেন। ভিডিওর বিভিন্ন অংশে উপস্থিত ব্যক্তিদের উচ্ছ্বাস প্রকাশ এবং দলীয় স্লোগান দিতে দেখা যায়।
এছাড়া ছড়িয়ে পড়া ভিডিওটির শেষাংশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি সরদার মো. খালেদ হোসেন স্বপনের একটি বক্তব্য সংযুক্ত রয়েছে বলেও দেখা গেছে। তবে ভিডিওটি ঠিক কোন স্থানে এবং কখন ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট আয়োজক বা আওয়ামী লীগের কোনো নেতার বক্তব্যও পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি বাবুগঞ্জ থানার আওতাভুক্ত কোনো এলাকার নয়। বাবুগঞ্জ থানা পুলিশ নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে অত্যন্ত সতর্ক এবং কঠোর অবস্থানে রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









