রাজধানীর বাংলামোটর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর বয়স আনুমানিক ২৮ বছর বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে ২৫ নম্বর বাংলামোটরের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ এলাকায় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির পরিত্যক্ত বাড়িতে পুলিশ যায়। সেখানে একটি গাছের সঙ্গে ইন্টারনেটের তার গলায় পেঁচানো অবস্থায় ওই নারীকে ঝুলতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে প্রযুক্তির সহায়তায় সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে।
পুলিশের ভাষ্য, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









