তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার-২০২৬’।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় জেলা শহরের ড. অমর্ত্য সেন সড়কে গণ কল্যাণ ট্রাস্ট (জিকেটি) ভবন মাঠে এ মেলার আয়োজন করা হয়।
গণ কল্যাণ ট্রাস্ট (জিকেটি) আয়োজিত এ জব ফেয়ারের উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিকেটির উপ-নির্বাহী পরিচালক মাসুম আহমেদ সজী।
অনুষ্ঠানে বক্তব্য দেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) প্রকিউরমেন্ট স্পেশালিস্ট জয়রাম সাহা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহিদুল হক এবং জিকেটির পরিচালক ও রেইজ প্রকল্পের ফোকাল পার্সন উদয় চৌধুরী।
আয়োজকরা জানান, চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের সম্ভাব্য নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এ জব ফেয়ারের আয়োজন করা হয়েছে। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরির সুযোগ, নিয়োগ প্রক্রিয়া, কর্মক্ষেত্রের চাহিদা ও প্রয়োজনীয় দক্ষতা বিষয়ে তথ্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে টিকে থাকতে হলে তরুণদের দক্ষতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের বিকল্প নেই। তিনি বলেন, “শুধু সনদ অর্জন করলেই হবে না, কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন তরুণদের কর্মসংস্থানের পথ সুগম করার পাশাপাশি আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।”
দিনব্যাপী এ জব ফেয়ারে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও যুব উদ্যোক্তা অংশ নেন। মেলায় ২০টিরও বেশি প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে অংশগ্রহণ করে এবং চাকরির সুযোগসংক্রান্ত তথ্য ও পরামর্শ প্রদান করে।
আয়োজক সূত্রে জানা যায়, গণ কল্যাণ ট্রাস্ট (জিকেটি) বাস্তবায়িত এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় এ জব ফেয়ারের আয়োজন করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ জেলার তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









