নাটকের শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। তবে দুর্ঘটনায় তিনি ও তার সঙ্গে থাকা টিমের সদস্যরা বড় ধরনের ক্ষতি ছাড়াই রক্ষা পেয়েছেন।
রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান অভিনেত্রী।
তাসনুভা তিশা জানান, শ্রীমঙ্গলে একটি প্রজেক্টের শুটিং শেষ করে তিনি ও তার টিমের সদস্যরা প্রাইভেটকারে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথে ভৈরব ব্রিজ ও টোল প্লাজা পার হওয়ার পর একটি মোড়ে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের গাড়িতে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কায় তাদের গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই পিকআপটির চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
তবে বড় ধরনের কোনো ক্ষতি ছাড়াই তারা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জানান তিশা। তিনি বলেন, গাড়িতে তিনি ছাড়াও তার ফটোগ্রাফার ও সহকারী ছিলেন। দুর্ঘটনাটি ভয়াবহ হলেও সবাই নিরাপদে আছেন।
অভিনেত্রী আরও জানান, দুর্ঘটনার পর তাদের গাড়ির চালক মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন। কিছু দূর যাওয়ার পর সেটিকে আটক করতেও সক্ষম হন তিনি। তবে পিকআপচালক গাড়িটি রাস্তায় ফেলে চাবি নিয়ে পালিয়ে যান।
পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি শুরু করে।
ফেসবুক লাইভে দুর্ঘটনার অভিজ্ঞতা জানাতে গিয়ে তাসনুভা তিশা বলেন, পিকআপটির ধাক্কা ছিল বেশ জোরালো। তার ভাষ্য অনুযায়ী, গাড়িতে থাকা সবাই বড় ধরনের বিপদ থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









