পটুয়াখালীর বাউফলে রমিজ মৃধা নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলায় তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকচুয়া গ্রামের বেল্লাল মল্লিকের দোকানের পাশে এ হামলার ঘটনা ঘটে।
আহত রমিজ মৃধা চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তিনি ওই এলাকার মৃত পঞ্চম আলী মৃধার ছেলে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় রমিজ মৃধা ওই এলাকায় দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় তার প্রতিবেশী জিসান মৃধা (২০) হঠাৎ সেখানে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রায় এক সপ্তাহ আগে জিসান মৃধাকে মাদক সেবনের অভিযোগে বকাঝকা করেছিলেন রমিজ। এর কয়েক দিন পর গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগে জিসানকে মারধর করেন তিনি। ওই ঘটনার জের ধরেই রমিজের ওপর হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মামুনুর রশিদ বলেন, আহত ব্যক্তির হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হয়েছে। এ কারণে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শেবাচিমে পাঠানো হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









