চলতি বছরের প্রথম আট মাসে ইরানে অন্তত ২০ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিভিন্ন কারাগারে এসব দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন।
শনিবার (২৯ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় প্রতি মাসেই অন্তত একজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। একই সময়ে অন্তত তিনজন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ ছিল।
তবে এসব মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে গুরুতর উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। তাদের দাবি, মামলাগুলোতে যথেষ্ট স্বচ্ছতা ছিল না। অভিযুক্তদের আইনজীবীদেরও সীমিত সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের পরিবারের সদস্যদের তাদের স্বজনদের মামলা ও বর্তমান অবস্থা সম্পর্কে পর্যাপ্ত তথ্য জানার সুযোগ দেওয়া হয়নি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সিরাজের আবেলাবাদ কারাগার, তায়বাদ কারাগার, ইয়াজদ কারাগার এবং ইস্ফাহানের দাস্তগার্ড কারাগারে। এসব মৃত্যুদণ্ডের মধ্যে সবচেয়ে বেশি ছিল মাদকসংক্রান্ত অপরাধের মামলা।
এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে ইস্ফাহানের আলিখানি স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গুল মোহাম্মদ ও কাইম হোসেনি নামে দুই আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, আফসার শাহ-আহমাদি, সাফাই ও সদরুদ্দিন আহমেদাজাদ নামে আরও তিন আফগান নাগরিককে গত জুলাইয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে একটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব মৃত্যুদণ্ডের বেশিরভাগই প্রকাশ্যে ঘোষণা করা হয়নি। ফলে ইরানে ঠিক কতজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন।
এর আগে ২০২৫ সালে ইরানে ৮৫ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
সূত্র: খামা প্রেস


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









