কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও নাগরিক সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিচ্ছন্ন পরিবেশ গড়ি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে কিশোরগঞ্জ পৌরসভার সভাকক্ষে আয়োজিত এ সেমিনারে শহরের বিভিন্ন ওয়ার্ডের নাগরিক, ব্যবসায়ী, সমাজকর্মী ও জনপ্রতিনিধিরা অংশ নেন। তারা নিজ নিজ এলাকার সমস্যা ও নাগরিক দুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন।
আলোচনায় ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনার সংকট এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) জেবুন নাহার শম্মী। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) ডা. মো. সাদিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সোহান নাসরিন বলেন, ‘‘ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









