‘‘খেলে ফল বারে বল’’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের দেশীয় ফলের সঙ্গে পরিচিত করা এবং পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ উৎসবে ১০০ প্রজাতির দেশীয় ফল প্রদর্শন করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও ফল উৎসবের আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান।
আলোচনা সভায় বক্তারা দেশীয় ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরেন। তারা বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, এগুলোতে রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী উপাদান। অপরদিকে অনেক বিদেশি ফলে সংরক্ষণ ও পরিবহনের জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের শিশু-কিশোরদের দেশীয় ফল সম্পর্কে জানানো এবং এগুলোর প্রতি আগ্রহী করে তোলা সময়ের দাবি। ফল উৎসবের মতো আয়োজন শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধি করবে এবং দেশীয় ফলের প্রতি ভালোবাসা তৈরি করবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা বিভিন্ন দেশীয় ফল পরিদর্শন করে এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে ধারণা লাভ করে। ব্যতিক্রমী এ আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









